নাড়ীর টানে ঘরে ফেরা: রেল স্টেশনের সেই চিরচেনা ইদ যাত্রা

লেখাঃ রবিউল আউয়াল। জনসংযোগ সম্পাদক

ছবিঃ হাবিবুল্লাহ রাকিব

বছরজুড়ে যত ব্যস্ততা আর ক্লান্তি সবকিছু যেন হার মানে ইদে ঘরে ফেরার গভীর অনুভূতির কাছে। প্রিয়জনদের কাছে ফিরে যাওয়ার এই আকুলতা মানুষকে টেনে নিয়ে যায় তার শেকড়ের দিকে। যান্ত্রিক শহরের কর্মব্যস্ত জীবন আর পড়াশোনার চাপ পেছনে ফেলে সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে চাকরিজীবী, শিক্ষক, শিক্ষার্থী সবার গন্তব্য আপন ঘর, আপন মানুষ।

চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন রেলওয়ে স্টেশনের চিরচেনা প্ল্যাটফর্ম যেন হাজারো বিচিত্র গল্পের মিলনমেলায় পরিণত হয়েছে। ট্রেনের ভেতরের আসন ছাপিয়ে যাত্রীদের আগ্রহ এখন যেকোনো উপায়ে বাড়ি পৌঁছানোয়। ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চড়ে বসছেন, তবুও চোখেমুখে নেই কোনো অভিযোগ। দীর্ঘ যাত্রার ক্লান্তি হার মেনেছে প্রিয়জনদের সঙ্গে ইদ উদযাপনের অদম্য ইচ্ছার কাছে।

এবার ইদ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছুটিতে মহাসড়কের যানজট কিংবা স্টেশনের ভিড় যেন মানুষের হাসিমুখের কাছে হার মেনেছে। বাবা-মায়ের জন্য কেনা নতুন শাড়ি কিংবা ছোট্ট সন্তানের জন্য রঙিন জামা ব্যাগের ভেতর সযত্নে রাখা। এই কোলাহল আর মানুষের দীর্ঘ লাইনের মাঝেও ঘরমুখো মানুষগুলো এক ধরনের শান্তি অনুভব করে।

ইদ যাত্রার এই ব্যস্ততম সময় এবং ঘরমুখো মানুষের আবেগঘন মুহূর্তগুলো ক্যামেরার লেন্সে তুলে ধরেছেন নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের সেক্রেটারি হাবিবুল্লাহ রাকিব। তার স্থিরচিত্রে ধরা পড়েছে স্টেশনের চিরচেনা কোলাহল আর মানুষের নাড়ীর টানে ছুটে চলার এক অসাধারণ গল্প।

You may also like

Prize Giving Ceremony of Bangla Dorpon season-7

গত ২ ও ৩ আগস্ট, ২০২৬ দুইদিনব্যাপী নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের আয়োজনে বাংলা দর্পণ : সিজন ৭ | Bangla Dorpon :

Read More »