নাদিয়া খানম, যুগ্ম প্রচার সম্পাদক
বিকেল নামলেই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র—সেন্ট্রাল ফিল্ড যেন এক নতুন রূপে জেগে ওঠে। দিনের ক্লান্তি মুছে, ক্লাস শেষে শিক্ষার্থীরা দলে দলে ছুটে আসে এই মাঠে। মাঠে এসেই কেউ জুতা খুলে রাখে মাঠের ধারে, কেউ আবার আগেই প্রস্তুত ফুটবল বা ক্রিকেট ব্যাট হাতে। মাঠটা যেন এক মুহূর্তেই জীবন্ত হয়ে ওঠে।বিকেল হলেই এই ফিল্ডে নামে এক অনন্য ব্যস্ততা, যেন নিস্তব্ধ ক্যাম্পাস হঠাৎ করেই জীবন্ত হয়ে ওঠে।




চারদিকে রোদ কমে আসে ধীরে ধীরে, নরম আলো ছড়িয়ে পড়ে সবুজ ঘাসে। মাঠের গায়ে লাগা গাছগুলোও যেন বাতাসে দুলে তাল মিলায় খেলোয়াড়দের গতির সাথে। মাঝে মাঝে হালকা হুল্লোড়, গোল হওয়ার আনন্দে বা আউট করায় উচ্ছ্বাস—এইসব শব্দ মিশে যায় ক্যাম্পাসের বিকেলের শান্ত সুরে। ফিল্ডের এক পাশে ভবিবল টিম নীরবভাবে অনুশীলন করছে। নিখুঁত টাইমিংয়ে বল রিসিভ হচ্ছে, সার্ভ দেওয়া হচ্ছে—সবই যেন নিঃশব্দে এক মনোযোগী আবেগ নিয়ে।
সেন্ট্রাল ফিল্ড শুধু খেলার জায়গা না, এটি স্মৃতির পাতা। এখানে কেউ প্রথম বন্ধু পেয়েছে, কেউ ব্যর্থ প্রেম ভুলেছে, কেউবা স্বপ্ন বুনেছে খেলোয়াড় হওয়ার। প্রতিদিনের ব্যস্ততা শেষে এই মাঠ যেন মুক্তির এক চিরচেনা আশ্রয়।
নোবিপ্রবি’র হৃদয়ে এই মাঠ, যেখানে বিকেল মানেই প্রাণ, মানেই তারুণ্যের ছোঁয়া।এই মাঠে তৈরি হয় বন্ধুত্ব, হারায় মন খারাপ, আর জন্ম নেয় হাজারো অমলিন স্মৃতি। সেন্ট্রাল ফিল্ড যেন এক চিরন্তন ক্যাম্পাস-স্মৃতির প্রতীক, যেখানে প্রতিটি বিকেল হয়ে ওঠে জীবনের এক চিরসবুজ অধ্যায়।





