লাল সাদা বাস যেন চলন্ত গল্পঝুড়ি

“তোমার মাঝে করি বিচরণ,
ঐ লাল সাদা বাসে চড়ে।”

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিচিত দৃশ্যগুলোর মধ্যে সবচেয়ে প্রাণবন্ত হলো লালবাস আর সাদাবাস। ভোরের আলো ভাঙার আগেই ক্যাম্পাসমুখী এই বাসগুলো শিক্ষার্থীদের নিয়ে রওনা দেয় তাদের জ্ঞানযাত্রায়। রঙের ভিন্নতা থাকলেও উদ্দেশ্য একই—শিক্ষার্থীদের নিরাপদ, নিয়মমাফিক ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করা।

লাল সাদা বাস গুলো শুধু বাস নয় শিক্ষার্থীদের অব্যক্ত গল্পের সাক্ষী। লাল বাসগুলো সাধারণত মাইজদী থেকে ক্যাম্পাস এবং ক্যাম্পাস থেকে মাইজদীতে শিক্ষার্থীদের যাতায়াত নিশ্চিত করে। সাদা বাস গুলো মাইজদী-ক্যাম্পাস ছাড়াও প্রতিদিন নোয়াখালী জেলার উপজেলা সমূহ (যেমন- সুবর্ণচর,কবিরহাট,বসুরহাট) থেকে শিক্ষার্থীদের যাতায়াতের অন্যতম শান্তির মাধ্যম হিসেবে কাজ করে চলেছে নিরন্তর। পাশাপাশি প্রতি বৃহস্পতিবার নোবিপ্রবির পক্ষ থেকে দুটি সাদা বাস যায় তার পার্শ্ববর্তী দুইজেলা- ফেণী ও লক্ষ্মীপুর। পাশ্ববর্তী জেলার শিক্ষার্থীদের জন্য এ যেন শুধু বাস নয় স্বস্তির অপরনাম। ক্যাম্পাস–শহর সংযোগে লাল সাদা বাস যেন পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও নিয়মের প্রতীক হয়ে উঠেছে।

নোবিপ্রবির সাদাবাস ও লালবাস শুধু যাতায়াতের মাধ্যম নয়; এগুলোর ভেতর জমে থাকে শিক্ষার্থীদের হাসি, গল্প, ক্লান্তি, স্বপ্ন—আরো কত স্মৃতি! প্রতিদিন এই বাসগুলোতে তৈরি হয় এমন কিছু মুহূর্ত, যা পরে বিশ্ববিদ্যালয় জীবনের সবচেয়ে নরম জায়গা দখল করে নেয়। বাসে সিট রাখার যুদ্ধ সবচেয়ে উপভোগ্য বিষয়। খাতা,কলম,ব্যাগ,পানির বোতল হরেক রকম জিনিস দিয়ে রাখা হয় বন্ধুর জন্য সিট। বাসের ভেতর সময় কাটানোও শিক্ষার্থীদের জন্য এক অভিজ্ঞতা—কখনো আড্ডা, কখনো পরীক্ষার রিভিশন, কখনো নিঃশব্দ ভাবনা। প্রতিটি রুট, প্রতিটি চাকার ঘূর্ণিতে সঞ্চিত হয় বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতি।

লালবাস ও সাদাবাস মিলে নোবিপ্রবির পরিবহন ব্যবস্থাকে করেছে সুশৃঙ্খল, নিরাপদ ও সহজলভ্য যা একটি আধুনিক বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় অংশ। শুধু যাতায়াত নয়, লাল ও সাদা দুই বাসই নোবিপ্রবির সংস্কৃতি, পরিচয় এবং ঐক্যের প্রতিচ্ছবি। এগুলো চলতে থাকে, আর এর সাথে চলতে থাকে হাজার স্বপ্নের গল্প।

লেখা: সুরাইয়া জান্নাত, উপ-জনসংযোগ সম্পাদক।

You may also like

বাংলা দর্পণ সিজন ৭-এর আলোকচিত্রযাত্রা নিয়ে আজকের খবরের কাগজে বিশেষ প্রতিবেদন

আজকের দৈনিক যুগান্তর | ক্যাম্পাস তারুণ্য (পাতা ৭) এ ‘নোবিপ্রবিতে বাংলা দর্পন: ক্যামেরার ফ্রেমে চেনা জগতের অচেনা গল্প’ শিরোনামে বাংলা

Read More »

ক্যাম্পাস পাতায় বাংলা দর্পণ সিজন ৭—আলোকচিত্রে চেনা জগতের নতুন পাঠ

আজকের খবরের কাগজ | ক্যাম্পাস পাতায় ‘ক্যামেরার ফ্রেমে চেনা জগতের অচেনা গল্প’ শিরোনামে বাংলা দর্পণ : সিজন ৭ | Bangla

Read More »