Current Committee

9th Executive Committee of NSTU Photography Club 

Esteemed Advisors

Executive Committee

SPEECHES FROM CLUB LEADERS

Khadiza Jahan

PRESIDENT

বর্তমান প্রযুক্তির যুগে ফটোগ্রাফি শুধু ছবি তোলার মধ্যে সীমাবদ্ধ নেই—এটি হয়ে উঠেছে ভাবনা ও অনুভূতি প্রকাশের এক শক্তিশালী মাধ্যম। ক্যামেরা কিংবা স্মার্টফোন—যেকোনো ডিভাইস দিয়েই আমরা এখন গল্প বলতে পারি, মানুষের কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করে তুলতে পারি এবং নতুন দিগন্ত উন্মোচন করতে পারি।

আমরা যারা ছবি তুলতে ভালোবাসি, তাদের কাছে ফটোগ্রাফি শুধুই শখ নয়—বরং ভালো লাগার, ভালো থাকার এবং নিজেকে প্রকাশ করার এক অনন্য মাধ্যম। মূলত ফটোগ্রাফির প্রতি সেই ভালো লাগা এবং আগ্রহ থেকেই আমার এই ক্লাবের সাথে পথচলা শুরু। শুরুতে কেবল আগ্রহ থেকে ক্লাবে যুক্ত হলেও, এখন ফটোগ্রাফি আমার কাছে একটা “প্যাশন” এবং ধীরে ধীরে ফটোগ্রাফি ক্লাব হয়ে উঠেছে আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। এখান থেকে আমি যেমন শিখেছি, জেনেছি, অর্জন করেছি তেমনি পেয়েছি অগণিত অনুপ্রেরণা। এখনো প্রতিদিন নতুন কিছু শেখা ও নতুন অভিজ্ঞতা আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করছে। একজন মেয়ে হিসেবে যদিও জার্নি টা খুব একটা সহজ ছিলো না।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পাওয়া আমার কাছে শুধু একটি পদ নয়, বরং সবাইকে সাথে নিয়ে ক্লাবকে এগিয়ে নেওয়ার জন্য একটি বিশাল দায়িত্ব এবং প্রতিশ্রুতি। আমার চেষ্টা থাকবে একটি পরিবারের মতো সকলের সমর্থন ও সহযোগিতা নিয়ে ক্লাবকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার, যেখানে প্রত্যেকের প্রতিভা ও স্বপ্নের সমান মূল্যায়ন হবে। সবাই দোয়া করবেন। আমার প্রতি আস্থা রাখার জন্য এবং এই দায়িত্ব দেওয়ার জন্য আমি নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

শুধু ক্যাম্পাস নয়, আমরা চাই আমাদের ক্লাবের নাম দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়েও ছড়িয়ে পড়ুক। আমি আশা করি, আমাদের প্রতিটি সদস্যের সৃজনশীলতা, নিষ্ঠা ও পরিশ্রমের সমন্বয়ে এই ক্লাব ভবিষ্যতে আরও সমৃদ্ধ হয়ে উঠবে। প্রেসিডেন্ট হিসেবে আমার প্রতিশ্রুতি, ক্লাবকে এগিয়ে নিতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো, ইনশাআল্লাহ!

যারা একদম শুরু থেকেই ক্লাবের সাথে ছিলেন, সমর্থন দিয়েছেন—তাদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আশা করি, নতুন এই পথচলায়ও আপনাদের পাশে পাবো।

Habibullah Rakib

GENERAL SECRETARY

নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের ৯ম কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। 

ফটোগ্রাফি শুধু ছবি তোলা নয়; এটি একটি নীরব ভাষা, একটি আবেগ, একটি গল্প বলার শিল্প। এই ক্লাব সবসময়ই সেই গল্প বলার যাত্রাকে উৎসাহিত করেছে, নতুনদের স্বাগত জানিয়েছে এবং আমাদের সবার মাঝে লুকিয়ে থাকা শিল্পীকে জাগ্রত করতে কাজ করে গেছে। আমার পূর্বসূরীদের অক্লান্ত পরিশ্রম ও দূরদর্শিতায় এই ক্লাব আজ যে স্থানে আছে, সেখান থেকে আমরা আরও এগিয়ে যাবো – এই আমার প্রত্যয়। 

আমাদের লক্ষ্য হলো ফটোগ্রাফিকে শুধুমাত্র একটি শিল্পমাধ্যম হিসেবে সীমাবদ্ধ না রেখে, সমাজ সচেতনতা সৃষ্টি এবং ইতিবাচক পরিবর্তনে অবদান রাখার কার্যকর হাতিয়ার হিসেবে ব্যবহার করা।প্রতিটি কর্মশালা, প্রদর্শনী কিংবা প্রতিযোগিতার মাধ্যমে আমরা শুধু ছবি তুলতে শিখি না, বরং শিখি দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি, দলগত কাজের সমন্বয় আর নান্দনিকতার নতুন মাত্রা। 

সাধারণ সম্পাদক হিসেবে আমার দায়িত্ব হলো ক্লাবের কার্যক্রমকে সুসংগঠিত রাখা, সদস্যদের জন্য সুযোগ সৃষ্টি করা এবং ক্লাবকে বিশ্ববিদ্যালয় ও বাইরের পরিসরে মর্যাদাপূর্ণভাবে উপস্থাপন করা।আমি দৃঢ়ভাবে আশা করি, এই যাত্রায় সকলের অংশগ্রহণ ও সহযোগিতায় নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাব আরও সমৃদ্ধ এবং সৃজনশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠবে।